স্ত্রীর পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খুন: স্ত্রীসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংগীতশিল্পী স্ত্রী সোনিয়ার পরকীয়ার জেরে সুমন খলিফা (৩৫) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উন্মোচন করে সোনিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি ও একটি সুইচ গিয়ারও উদ্ধার করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
গ্রেপ্তারকৃতরা হলেন—
সুমনের স্ত্রী সোনিয়া আক্তার (২২)
মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২)
আব্দুর রহমান (২৮)
বিল্লাল হোসেন (৫৮)
আলমগীর হাওলাদার (৪৫)
নান্নু মিয়া (৫৫)
পুলিশ সুপার জানান, সোনিয়া ও ইউসুফের পরকীয়ার কারণে সংসারে নিয়মিত ঝগড়া হতো। এই বিরোধ থেকেই সুমনকে হত্যার পরিকল্পনা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী ৩০ নভেম্বর রাতে পঞ্চবটির একটি গানের অনুষ্ঠানে সোনিয়াকে রেখে সুমন বের হলে ক্লাব থেকে ডেকে তাকে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে যায় তারা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
তথ্য-প্রযুক্তির সহায়তায় ইউসুফকে গ্রেপ্তার করলে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং তার তথ্যের ভিত্তিতে বাকি পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হত্যায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত ১ ডিসেম্বর সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুর এলাকা থেকে সুমনের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। নিহত সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে এবং পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন। তার বাবা মন্টু খলিফা ওইদিন রাতেই ফতুল্লা থানায় মামলা করেন।