খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, রিচার্ড বিল হাসপাতালে উপস্থিত আছেন এবং তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে দুপুর সাড়ে ১২টায় এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
উল্লেখ্য, ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং তাকে ভর্তি করা হয়। গত রবিবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।