আজ মধ্যরাতেই লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া, প্রস্তুত কাতারের এয়ার অ্যাম্বুলেন্স
শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আজ মধ্যরাত বা শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের সরবরাহ করা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, লন্ডনের নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা চালানো হবে এবং যাত্রাপথে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শই প্রধান বিবেচনায় রাখা হচ্ছে। নিয়মিত মিটিংয়ের মাধ্যমে চিকিৎসা পরিকল্পনা সাজানো হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্যের একজন চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন মোট ১৬ জন সফরসঙ্গী—এর মধ্যে আছেন তার বড় বারের ডাক্তার টিম, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, এবং পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদার।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। বহুদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এরইমধ্যে যুক্তরাজ্য ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।