খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত; কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি জটিলতা
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় এসে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন জুবাইদা রহমান। আজ সকাল ১১টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা।
ঢাকায় পৌঁছে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তিনি তদারকি করছেন। ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে একটি গাড়িও পৌঁছে গেছে। তিনি পৌঁছানোর পরই খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এজন্য কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতি চলছে।
তবে বিএনপি সূত্র জানিয়েছে, কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিলম্বিত হতে পারে। কাতারের আমিরের এই এয়ার অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগীর জন্য উন্নত সব ধরনের চিকিৎসা সুবিধা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত মতামত এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভিত্তিতেই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সফরে মোট ১৭ জন, যার মধ্যে চিকিৎসকরাও রয়েছেন, তাকে সঙ্গ দেবেন। দীর্ঘ যাত্রাপথে সম্ভাব্য জটিলতা মোকাবিলায় সব ধরনের চিকিৎসা প্রস্তুতি রাখা হয়েছে।