হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকর করা হবে: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন কোনোভাবেই প্রতিহত করা যাবে না।
সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে জেলার চার উপজেলার বিভিন্ন কলেজের মোট ৯টি দল অংশ নিচ্ছে।