লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান ইতোমধ্যে চলছে এবং তা অব্যাহত থাকবে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশন অধ্যাদেশ বিষয়ে তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যেই এই আইন প্রণয়ন করা হয়েছে। বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা তা জানাতে পারে। তবে বিডিআর বিদ্রোহ তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্যোগ মোকাবিলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ২২ জনকে সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতেও যেকোনো সংকটে ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।