জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোরে ছিক্কা মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।
দোকানদার ওবায়দুল জানান, তার দোকানের ১০–১২ লাখ টাকার সব মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ী শিশু মিয়া বলেন, আগুন কীভাবে লেগেছে কেউ নিশ্চিত নন, তবে খবর পেয়ে এসে ভয়াবহ দৃশ্য দেখতে পান তারা।
শান্তিনগর বাজার তদারকি কমিটির সেক্রেটারি বিলাল আহমদ অভিযোগ করেন, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষয়ক্ষতি বেড়েছে। তিনি জানান, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ‘সেতুর সমস্যা’ দেখিয়ে না আসায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক মানববন্ধনের পাশাপাশি ফায়ার সার্ভিস অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ বলেন, হেলিপ্যাড এলাকার বেইলি সেতু ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে বিশ্বনাথ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল এবং তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।