টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের চলমান কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দিল স্বাস্থ্য মন্ত্রণালয়
মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি বাতিল করে অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনের কর্মবিরতির ফলে সরকারি হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, সেবাগ্রহীতারা মারাত্মক দুর্ভোগে পড়ছেন—যা উদ্বেগজনক। এ জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয় জানায়, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিবের সঙ্গে আলোচনায় অগ্রগতির বিষয়েও অবহিত হয়েছেন বলে জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিবাচক সমাধানের পথে অগ্রসরমান পরিস্থিতিতে রোগীদের জিম্মি করে কর্মবিরতি চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবার মতো দায়িত্বশীল পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই অবিলম্বে কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানানো হয়।
এছাড়া, নির্দেশ অমান্য করে অত্যাবশ্যকীয় সেবা বন্ধ রাখলে জনস্বার্থবিরোধী কার্যক্রম হিসেবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।