নাটোর ও বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
নাটোর ও বড়াইগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর আকবরমোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান জসিমউদ্দিন সরকার (২৮)। তিনি চান্দাই দাসগ্রামের খালেক সরকারের ছেলে এবং ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত ছিলেন। মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় সড়কের ওপর থাকা বালুর কারণে পিছলে একটি সিনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে জসিমউদ্দিন মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগের দিন বৃহস্পতিবার রাতে নাটোর শহরের হরিশপুর বাস টার্মিনাল এলাকায় আরেকটি দুর্ঘটনায় মারা যান সুমন হোসেন (৩৫)। তিনি বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের উত্তর হারোয়া মহল্লার রাজ্জাক হোসেনের ছেলে। রাতে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মাছবাহী একটি ট্রাক থেকে ছিটকে পড়া পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এ অবস্থায় সুমন পিছলে পড়ে অপর একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর হরিশপুর এলাকায় জড়িত ট্রাকটি পুলিশ আটক করেছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন এবং বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান দুই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।