খালেদা জিয়াকে নিতে শনিবার ঢাকায় আসছে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাবে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। অ্যাম্বুলেন্সটির ভাড়া থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কাতার সরকার। এরইমধ্যে ফ্লাইট অবতরণের অনুমতিসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত দিনে পৌঁছাতে পারেনি, তবে শনিবার বিকেলেই এটি ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে দেশে ফিরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা পরিদর্শন করেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযোগী বলে বিবেচনা করে, তাহলে আসন্ন রোববার (৭ ডিসেম্বর) তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।