মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড অনুমোদন দিলেই ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স।
খালেদা জিয়া গত ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পাকস্থলির জটিলতার কারণে বৃহস্পতিবার তার এন্ডোস্কোপি করা হয়। শুরুতে সামান্য রক্তক্ষরণ দেখা দিলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে, খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার তিনি দুই দফায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ির খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে সেটি বিলম্বিত হয়। বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছে, যা জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে।
এর আগে, গত জানুয়ারিতে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার সময়ও কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করেছিলেন খালেদা জিয়া।