টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডের ‘আপন নীড়’ ভাড়া বাসায় থাকতেন এবং কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইকারীরা তাকে আটকে ছুরিকাঘাত করে। আশপাশে কেউ সাহায্যে এগিয়ে না আসায় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের ছোট ভাই ইদ্রিসুর রহমান বলেন, “আমার বড় ভাই কর্মস্থলে যাচ্ছিলেন। ছিনতাইকারীর হামলায় তিনি নিহত হয়েছেন। আমরা এর সঠিক বিচার চাই।”
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।