বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ‘বিনা ভোটে জয় নয়’: শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি পররাষ্ট্র উপদেষ্টার

‘বিনা ভোটে জয় নয়’: শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি পররাষ্ট্র উপদেষ্টার

favicon
অনলাইন সংস্করণ
‘বিনা ভোটে জয় নয়’: শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি পররাষ্ট্র উপদেষ্টার

‘বিনা ভোটে পাস করার সুযোগ নেই। এবারের জাতীয় নির্বাচন হবে আদর্শ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য,’— মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ভোটাররা নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।


শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।


তিনি আরও জানান, নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়; আন্তর্জাতিক অঙ্গনেও এর গুরুত্ব রয়েছে। তাই নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


আইন-শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে। কেউ নির্বাচন হেরে যাবে বুঝে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত।


সব রাজনৈতিক দলের অংশগ্রহণকে অপরিহার্য উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।


উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, চীনের সহযোগিতায় নীলফামারিতে এক হাজার শয্যার আধুনিক রেফারেল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। প্রয়োজনীয় জমিও নির্ধারিত হয়েছে। পাশাপাশি রংপুর শিশু হাসপাতাল চালুর উদ্যোগও দ্রুত এগিয়ে চলছে।


চার দিনের সফরের তৃতীয় দিনে উপদেষ্টা রংপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।