বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › চিনি আমদানি স্থগিত, আগে বিক্রি হবে চিনিকলের মজুত : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

চিনি আমদানি স্থগিত, আগে বিক্রি হবে চিনিকলের মজুত : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

favicon
অনলাইন সংস্করণ
চিনি আমদানি স্থগিত, আগে বিক্রি হবে চিনিকলের মজুত : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে জমে থাকা চিনি বিক্রিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে চিনি বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি চলমান আছে।’


শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত চিনিকলগুলো আজও দেশের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ সরবরাহ করতে সক্ষম। তবে এই শিল্পকে লাভজনক করতে হলে চিনিকলের সক্ষমতা বাড়ানো জরুরি।


শিল্প উপদেষ্টা জানান, শুধুমাত্র ভর্তুকির ওপর নির্ভর করে চিনিকল চালানো সম্ভব নয়। এ কারণে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে, এবং শিগগিরই এর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


তিনি আরও বলেন, চিনি উৎপাদনের পাশাপাশি সংশ্লিষ্ট খাতে নতুন উৎপাদনমুখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতেই সরকারের আগ্রহ বেশি।


এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।