ভারতে শেখ হাসিনার থাকা–না থাকা তার নিজের সিদ্ধান্ত: এস জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকবেন কি না—এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। বিশেষ পরিস্থিতিতে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ মন্তব্য করেন। তিনি একই সঙ্গে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসে তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ জানালেও ভারত এখনো কোনো সাড়া দেয়নি।
রাহুল কানওয়াল প্রশ্ন করেছিলেন, শেখ হাসিনা চাইলে যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন কি না। উত্তরে জয়শঙ্কর বলেন, ‘এটি অবশ্যই আলাদা ধরনের বিষয়। তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন, এবং সেই পরিস্থিতিরই প্রতিফলন দেখা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে।’
বাংলাদেশের অতীত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার আগের নির্বাচনগুলো নিয়ে অভিযোগ করেছিল। তিনি বলেন, ‘যদি সমস্যা নির্বাচন নিয়ে হয়, তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।’
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের মঙ্গল চায় এবং আশা করে দেশটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। গণতান্ত্রিক ফল যাই হোক না কেন, তা দুই দেশের সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব পথে এগিয়ে নেবে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: এনডিটিভি