বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › তারেক রহমানের পক্ষ থেকে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক পরিবারকে নতুন ঘর উপহার

তারেক রহমানের পক্ষ থেকে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক পরিবারকে নতুন ঘর উপহার

favicon
অনলাইন সংস্করণ
তারেক রহমানের পক্ষ থেকে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক পরিবারকে নতুন ঘর উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে বাগেরহাটের রামপালে এক বাকপ্রতিবন্ধী ভিক্ষুক পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ভাগা এলাকার দীপালি রানী শীলকে এই ঘরটি উপহার হিসেবে নির্মাণ করে দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মোংলা–রামপাল–ফকিরহাট আসনের মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।


শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ফিতা কেটে ঘরটির উদ্বোধন করা হয়। নতুন ঘর পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন দীপালি ও তাঁর পরিবার।


দীপালি রানী শীল দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছেন। স্বামী পরিত্যক্তা এই নারীর দুই মেয়ে বাকপ্রতিবন্ধী। জরাজীর্ণ একটি ঘরে বসবাসের কারণে রোদ, বৃষ্টি ও শীতে তারা নানাভাবে কষ্ট পাচ্ছিলেন। নতুন ঘর পাওয়ার পর দীপালি বলেন, “লায়ন ফরিদ আমাকে নতুন ঘর দিয়েছেন। তাঁর জন্য আমার দোয়া—তিনি যেন আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।”


লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, দীপালির পরিবারের দুঃখ-দুর্দশার কথা জানার পর মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি ঘর নির্মাণের উদ্যোগ নেন। তিনি বলেন, “এই ঘরটি মূলত তারেক রহমানের পক্ষ থেকে উপহার। তিনি সারাদেশে গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। আমরা নিজ নিজ এলাকায় সেই কাজ করার চেষ্টা করছি।”


তিনি আরও বলেন, সমাজে যারা ভালো অবস্থানে আছেন তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। “সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না,” মন্তব্য করেন তিনি।