কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান: এক মাসে ১৯ ড্রেজার জব্দ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গত এক মাসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে ধারাবাহিক অভিযানে মোট ১৯টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী, মাঝবাড়ি, লখন্ডা, কালিগঞ্জ, ডুমরিয়া, উনশিয়া, বর্ষাপাড়া ও বানিয়ারী এলাকাজুড়ে পরিচালিত পৃথক পৃথক অভিযানে এসব ড্রেজার জব্দ করা হয়। এছাড়া দুই হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী, খাল ও বিল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে পরিবেশ, কৃষিজমি ও জীববৈচিত্র্য ব্যাপক ক্ষতির মুখে পড়ে। অভিযোগের ভিত্তিতে ইউএনও ও এসিল্যান্ড দ্রুত মাঠে নেমে অভিযান জোরদার করেন, যা এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
কুশলা গ্রামের সোহাগ শেখ বলেন, “ইউএনও সাগুফতা হক দায়িত্ব নেওয়ার পর থেকেই খাল-বিল রক্ষায় শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগে অসাধুরা ড্রেজার বসিয়ে বালু তুলত, এখন কড়া নজরদারির কারণে আর কেউ সাহস পাচ্ছে না।”
কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, “ইউএনওর নির্দেশনায় এসিল্যান্ডের অভিযান অত্যন্ত সময়োপযোগী। হঠাৎ অভিযানের ফলে অবৈধ বালু উত্তোলন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।”
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি রক্ষা করা আমাদের অঙ্গীকার। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান একেবারেই শিথিল করা হবে না। কোটালীপাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখবে।”