দুর্নীতি বন্ধ না হলে গণতান্ত্রিক পুনর্গঠন অসম্ভব: বদিউল আলম মজুমদার
জননীতি ও নির্বাচনী প্রক্রিয়া থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল না হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন নির্বাচনকে অস্বচ্ছ করে তোলে, ফলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। আইনি কাঠামো যথাযথ থাকলেও গত তিনটি জাতীয় নির্বাচনে দুর্নীতির প্রভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি।
বদিউল আলম মজুমদার আরও বলেন, আসন্ন নির্বাচনেও দুর্নীতির প্রবণতা রোধ করা না গেলে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব হবে না। রাজনীতিতে নীতিবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।