নাগেশ্বরীতে গুদাম থেকে ৪ টন ডিএপি সার জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি সার গুদাম থেকে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ।
জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ব্যাপারীটারী এলাকার মেসার্স রাদিয়া ট্রেডার্স-এর গুদাম থেকে একটি নছিমনে করে ৮০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ডিএপি সার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। নছিমনটি মাস্টার মোড় বাজার এলাকার ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে।
পরে পুলিশ গিয়ে সারবোঝাই যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, ডিলারের কাছ থেকে নিয়মিত দামে সার পাওয়া যায় না; অনেক সময় সার নেই বলা হলেও রাতের অন্ধকারে অতিরিক্ত দামে অন্যত্র বিক্রি করা হয়।
নাগেশ্বরী থানার উপপরিদর্শক নাদিম জানান, এসি ল্যান্ড এবং ওসির নির্দেশে সারবোঝাই নছিমনটি থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন।
বিএডিসি অনুমোদিত সার ডিলার মেসার্স রাদিয়া ট্রেডার্সের মালিক হালিমা বেগম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ জানান, জব্দ করা সার কৃষকদের মধ্যে বিক্রির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।