বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › শ্রীমঙ্গলে তীব্র শীত: বিপাকে শ্রমজীবী ও চা–শ্রমিকরা

শ্রীমঙ্গলে তীব্র শীত: বিপাকে শ্রমজীবী ও চা–শ্রমিকরা

favicon
অনলাইন সংস্করণ
শ্রীমঙ্গলে তীব্র শীত: বিপাকে শ্রমজীবী ও চা–শ্রমিকরা

পাহাড়, হাওর ও চা-বাগানে ঘেরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তীব্র শীত পড়ছে। এ শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষজন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। যদিও তাপমাত্রা কম, তবে সকাল থেকে সূর্যের উপস্থিতি রয়েছে।


শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, গতকাল শনিবারের মতো আজও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


হাওর, পাহাড় ও চা-বাগান এলাকাগুলোতে শীতের প্রকোপ আরও বেশি। এসব অঞ্চলে বসবাসরত মানুষজন ঠান্ডায় কঠিন সময় পার করছেন। বিশেষ করে চা-বাগান এলাকার শ্রমজীবী নারী-পুরুষরা গরম কাপড় ও কম্বলের অভাবে ভোগান্তিতে রয়েছেন।


ফিনলে কম্পানির লাখাইছড়া চা-বাগান এলাকার বাসিন্দা তপন বৈদ্য জানান, চা–শ্রমিকদের অনেকেই শীত নিবারণের জন্য প্রয়োজনীয় কাপড়ের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। ভাড়াউড়া চা-বাগান এলাকার দুলাল হাজরা বলেন, সন্ধ্যার পর চা-বাগানে শীতের তীব্রতা বেড়ে যায়, কিন্তু অনেকের ঘরেই পর্যাপ্ত গরম কাপড় নেই।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, বেসরকারি উদ্যোগে চা-বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে শীতবস্ত্র দেওয়া হবে।