ওকিনাওয়ার আকাশে চীনা যুদ্ধবিমানের রাডার লক, জাপানের কড়া প্রতিবাদ
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওকিনাওয়ার মূল দ্বীপের দক্ষিণ-পূর্ব আকাশে চীনা সামরিক বিমান জাপানি যুদ্ধবিমানগুলোর দিকে রাডার লক করেছে। রবিবার প্রকাশিত এই তথ্য অনুযায়ী, শনিবার চীনের জে–১৫ যুদ্ধবিমান দুই দফায় জাপানি বিমানের ওপর এই সম্ভাব্য হামলাসংকেতমূলক রাডার লক পরিচালনা করে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রাডার লক এমন একটি অবস্থা, যখন কোনো রাডার নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে চিহ্নিত করে তার গতিবিধি ও অবস্থান স্থায়ীভাবে অনুসরণ করে—যা সাধারণত আক্রমণের পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়।
ঘটনাটি জাপান–চীন সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়েছে, বিশেষ করে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর, যেখানে তিনি বলেছিলেন যে তাইওয়ানের ওপর হামলা হলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ঘটনাটিকে “বিপজ্জনক ও অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করে চীনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। তবে চীনা নৌবাহিনী দাবি করেছে, টোকিওর অভিযোগ ‘বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ এবং জাপানকে অপপ্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছে।
তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে বেইজিংয়ের দৃঢ় অবস্থানের কারণে আশপাশের দেশগুলোর সঙ্গে উত্তেজনা আগেই চরমে। তাকাইচির মন্তব্যের পর চীন টোকিওতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তলবও করেছিল।
অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে জাপান যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে। বর্তমানে জাপান সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস চীনের সাম্প্রতিক কার্যক্রমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে শান্ত ও যুক্তিসঙ্গতভাবে এগোবে, তবে প্রয়োজন হলে দ্বিমতও জানাবে।
জাপান সফরকালে মার্লেস নাগাসাকির মিতসুবিশি শিপইয়ার্ডও পরিদর্শন করেন। উল্লেখ্য, সম্প্রতি ক্যানবেরা জাপানের কাছ থেকে ৬ বিলিয়ন ডলারের ১১টি আধুনিক যুদ্ধজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে।