বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রে মতপ্রকাশে হস্তক্ষেপকারীদের ভিসা বন্ধে কড়াকড়ি: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে মতপ্রকাশে হস্তক্ষেপকারীদের ভিসা বন্ধে কড়াকড়ি: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে মতপ্রকাশে হস্তক্ষেপকারীদের ভিসা বন্ধে কড়াকড়ি: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপকারী বিদেশিদের ভিসা প্রদানে কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে ফ্যাক্টচেকিং, কনটেন্ট মডারেশন, ভুল তথ্য প্রতিরোধ বা অনলাইন নিরাপত্তা সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা নতুন নীতির আওতায় আটকাতে পারেন বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।


রয়টার্স ও এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছে। তাতে নির্দেশ দেওয়া হয়েছে— যেসব ব্যক্তি ‘সুরক্ষিত মতপ্রকাশ’ বা ফ্রি স্পিচ দমন বা এতে অংশগ্রহণের অভিযোগে জড়িত, তাদের ভিসা আবেদন অবশ্যই বাতিল করতে হবে।



চিঠিতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীর কর্মজীবন, বিশেষত ফ্যাক্টচেকিং, কনটেন্ট মডারেশন, ট্রাস্ট অ্যান্ড সেফটি বা অনলাইন নিরাপত্তা–সংক্রান্ত ভূমিকা খুঁটিয়ে দেখা হবে। প্রয়োজন হলে সামাজিক যোগাযোগমাধ্যম ও লিংকডইন প্রোফাইল বিশ্লেষণ করার নির্দেশ রয়েছে।


যদি কোনোভাবে পাওয়া যায় যে আবেদনকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে ‘ভিসার জন্য অযোগ্য’ ঘোষণা করবেন।


নতুন নীতির প্রভাব প্রথমে পড়বে প্রযুক্তি খাতের দক্ষ কর্মীদের জন্য ব্যবহৃত এইচ-১বি ভিসায়। তবে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এটি সব ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, “যুক্তরাষ্ট্রে এসে কেউ আমাদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করবে— এ ধরনের কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না।”


বিশেষজ্ঞরা বলছেন, ট্রাস্ট অ্যান্ড সেফটির মতো গুরুত্বপূর্ণ কাজকে ‘সেন্সরশিপ’ হিসেবে দেখালে ঝুঁকি বাড়বে। কারণ এই বিভাগের কাজের মধ্যে রয়েছে— শিশু সুরক্ষা, অনলাইন প্রতারণা প্রতিরোধ, জালিয়াতি নিয়ন্ত্রণ ও যৌন অপরাধ ঠেকানো।


পার্টনারহিরো প্রতিষ্ঠানের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালিস গোগুয়েন হান্সবার্গার বলেন, “যে কাজগুলো মানুষের নিরাপত্তার জন্য অপরিহার্য, সেগুলোকে সেন্সরশিপের সঙ্গে মিলিয়ে দেখা উদ্বেগের বিষয়।”



২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গার পর বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এর পর থেকেই প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন তিনি। অনেকে মনে করেন, এই নতুন ভিসা নীতিও যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন সীমিত করার আরেকটি প্রচেষ্টা।


সূত্র: রয়টার্স, এনপিআর, দ্য গার্ডিয়ান