বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ প্রেসসচিবের

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ প্রেসসচিবের

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ প্রেসসচিবের

দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতি নিয়ে গণমাধ্যম ও বিভিন্ন মহলে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে— এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরার পরিবর্তে অনেক সময় বেছে নেওয়া বা বিকৃত তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা জনমনে ভুল ধারণা তৈরি করছে।


সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা ২০২৫ এবং এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এসব বক্তব্য রাখেন।


শফিকুল আলম জানান, গত ১৬ মাসে গণমাধ্যমের কিছু অংশ ও বিশ্লেষক সীমিত ডেটা ব্যবহার করে এমন চিত্র দিচ্ছেন, যা অর্থনৈতিক বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করে। এতে সাধারণ মানুষ ভুল বার্তা পাচ্ছেন।


তিনি অভিযোগ করেন, অল্পসংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠীর মন্তব্য অনেক সময় অতিরিক্ত গুরুত্ব পায়, অথচ বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপট ও সরকারের নীতিগত সিদ্ধান্তগুলি আলোচনায় জায়গা পায় না। কিছু ব্যবসায়ী নেতার অতিরঞ্জিত বক্তব্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতিকে ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যার সময়ের সঙ্গে তুলনা করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।


চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন প্রেসসচিব। তার মতে, বন্দর অদক্ষ থাকলে নতুন কর্মসংস্থান তৈরি সম্ভব নয়। এ বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করেছেন। তবে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।


গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে অতিরঞ্জিত অভিযোগ তোলা হয় বলেও উল্লেখ করেন শফিকুল আলম। তার ভাষায়, তথ্য-উপাত্ত দেখায় বর্তমান সরকার গ্যাস সরবরাহ বাড়িয়েছে— যদিও শতভাগ পূরণ সম্ভব হয়নি। এসব বিষয়ে অতিরঞ্জন সিভিক ডিসকোর্সের জন্য অনুপযুক্ত।


দারিদ্র্যের হার নিয়ে ভুল ব্যাখ্যার প্রসঙ্গে তিনি বলেন, দারিদ্র্য হঠাৎ ২০ থেকে ২৮ শতাংশে বেড়েছে— এমন দাবি সম্পূর্ণ ভুল। আন্তর্জাতিক সংস্থার ডেটা অনুযায়ী সাম্প্রতিক অর্থবছরের শেষে দারিদ্র্যের হার ২০–২১ শতাংশ এবং চলতি বছরে আরও কমার সম্ভাবনা রয়েছে।


তিনি জানান, প্রধান উপদেষ্টা প্রতিদিন অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনৈতিক টিম নিয়ে দেশকে প্রবৃদ্ধির দিকে ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু নানা ‘মিশ্র বার্তা’ অর্জনগুলোকে গুরুত্বসহকারে তুলে ধরতে বাধা দিচ্ছে।