খালেদা জিয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না: স্লট বাতিলের আবেদন এফএআই-এর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ জানিয়েছে, তারা আপাতত পূর্বনির্ধারিত স্লট বাতিলের আবেদন করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, কাতার সরকারের সহায়তায় জর্জিয়ার তিবলিসি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং রাত ৯টার দিকে দেশত্যাগের সময়সূচিও প্রাথমিকভাবে নির্ধারিত ছিল।
বেবিচক জানায়, কাতার সরকার এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে। তবে মেডিকেল বোর্ড এখনো খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
৮০ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করে নিরাপত্তা জোরদার করেছে। চিকিৎসায় অংশ নিচ্ছে এভারকেয়ারের ১২ সদস্যের দলসহ যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা।