১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ: বিশ্বে প্রথম আইন কার্যকর করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া আজ বৃহস্পতিবার থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। শিশুর নিরাপত্তার স্বার্থে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে দেশটি পৃথিবীর প্রথম রাষ্ট্র হিসেবে কিশোরদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা কার্যকর করল। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা থেকে আইনটি কার্যকর হয়েছে।
নতুন আইনে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকসহ শীর্ষ ১০টি প্ল্যাটফর্মকে নিশ্চিত করতে হবে যে ১৬ বছরের নিচের কেউ তাদের সেবা ব্যবহার করতে না পারে। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার মুখে পড়তে হবে। বিশ্বজুড়ে নীতিনির্ধারকেরা এ সিদ্ধান্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আইন বাস্তবায়নকে “গর্বের দিন” হিসেবে উল্লেখ করে বলেন, সোশ্যাল মিডিয়ার ক্ষতি দেখে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাহসেই এ উদ্যোগ সম্ভব হয়েছে। যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, “শিশুর নিরাপত্তা ট্রিলিয়ন ডলারের কোম্পানির চেয়ে আগে আসবে।”
ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট জানিয়েছেন, টেক কোম্পানিগুলো তাদের দায়িত্ব পালন করতে সক্ষম—এ বিষয়ে তার পূর্ণ আস্থা আছে। আগামীকাল থেকেই নিয়ম মেনে চলা হচ্ছে কিনা, তা মূল্যায়ন শুরু হবে।
অভিভাবক ও শিশু অধিকারকর্মীরা সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রযুক্তি প্রতিষ্ঠান এবং মতপ্রকাশের স্বাধীনতা–সংক্রান্ত সংগঠনগুলো এটি সমালোচনা করেছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরই এক কিশোরী দেখিয়েছে, তার অ্যাকাউন্টগুলো কাজ করছে না।
কিছু কিশোর অভিযোগ করছে, তারা “অপমানিত” হয়েছে, আবার কেউ বলছে—এতে তেমন সমস্যা হবে না। অনেকে ধারণা করছে, প্রযুক্তিগতভাবে দক্ষ কিশোররা নিষেধাজ্ঞা এড়ানোর পথ খুঁজে নিতে পারে।
অন্যদিকে, তাসমানিয়ার এক মা কেলি হেলিডোন সিদ্ধান্তটিকে “অমানবিক” বলে মন্তব্য করেছেন। তার মতে, দায়িত্বশীলভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হাজারো শিশুর স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে।
১৫ বছর বয়সী টায়সন বিবিসিকে বলেন, নিষেধাজ্ঞাটি বাস্তবে খুব কার্যকর হবে বলে মনে হয় না। তার ভাষায়, “যাদের আটকাতে চাইছেন, তারাই প্রথমে ফাঁকি দেওয়ার উপায় বের করবে।”
মন্ত্রী আনিকা ওয়েলস জানান, শিশুদের ভিপিএন ব্যবহারের মতো ফাঁকফোকর বেশি দিন খোলা থাকবে না। প্ল্যাটফর্মগুলোকে নিয়মিত বয়স যাচাই এবং ব্যবহারকারীর কথোপকথন ও পোস্টের তথ্য বিশ্লেষণ করে অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত করতে হবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিষিদ্ধ করা হলে তারা আরও অনিরাপদ অনলাইন কোণে চলে যেতে পারে বা বয়স যাচাইকে পাশ কাটাতে পারে।
অস্ট্রেলিয়ার ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট ড. ক্রিশ্চিয়ান হেইম মনে করেন, এই নিষেধাজ্ঞা “জীবন বাঁচাবে।” তিনি বলেন, “আমার ক্লিনিকে এমন কিশোরী এসেছে, যাদের জীবন শেষ হয়ে গিয়েছিল একটি বিপজ্জনক চ্যাট সাইটের কারণে—যেটি এখন নিষিদ্ধের আওতায় আসছে।”
তার মতে, সিদ্ধান্তটি কিশোরদের বিরুদ্ধে নয়, বরং টেক জায়ান্টদের জন্য শক্ত বার্তা—“আমরা আর আপনাদের দর্শক সরবরাহ করব না।”
— সূত্র: বিবিসি