বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির পরও থাই–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ অব্যাহত

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির পরও থাই–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ অব্যাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির পরও থাই–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ অব্যাহত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষ শনিবার ভোরেও অব্যাহত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানানোর কয়েক ঘণ্টা পরও গোলাগুলি থামেনি।


থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলেছেন—কম্বোডিয়া তাদের সব বাহিনী প্রত্যাহার এবং সীমান্ত এলাকা থেকে ল্যান্ডমাইন অপসারণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের ভূমি ও জনগণের নিরাপত্তা হুমকির মুখে থাকলে থাইল্যান্ড সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে।


সীমান্ত এলাকায় রাতভর গোলাগুলি চলেছে এবং থাই বাহিনী একাধিক স্থানে অভিযান চালিয়েছে। সর্বশেষ সংঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে এবং উভয় দেশের প্রায় সাত লাখ মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে।


এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সোমবার শুরু হওয়া সংঘাত থামাতে সক্ষম হবেন। শুক্রবার রাতে উভয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর তিনি সামাজিক মাধ্যমে লেখেন, দুই দেশ গুলিবর্ষণ বন্ধ করতে এবং অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। তাঁর ভাষায়, উভয় দেশ শান্তির জন্য প্রস্তুত।


তবে থাই প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ড আগ্রাসী নয় এবং যুদ্ধবিরতির আগে কম্বোডিয়ার পক্ষ থেকে বাহিনী প্রত্যাহার ও ল্যান্ডমাইন অপসারণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সংঘাতকে বাণিজ্যের সঙ্গে যুক্ত না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে থাইল্যান্ড।


এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থাই বিমান হামলার শিকার হয়েছে দেশটি। এক্সে দেওয়া এক পোস্টে তারা দাবি করে, থাই সেনাবাহিনী দুটি এফ–১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করেছে। থাই সেনাবাহিনীও সংঘর্ষ অব্যাহত থাকার কথা নিশ্চিত করেছে।


গত ২৪ জুলাই সীমান্ত পরিস্থিতি আরও তীব্র হয়, যখন কম্বোডিয়ার রকেট হামলার জবাবে থাইল্যান্ড বিমান হামলা চালায়। এরপর কয়েকদিনের সংঘাতে উভয় পক্ষের বহু মানুষ নিহত হয়। যদিও প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার উদ্যোগে যুদ্ধবিরতি হয়েছিল, দুই দেশই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।


এই সংঘাতে উত্তর-পূর্ব থাইল্যান্ডের ছয়টি প্রদেশ এবং কম্বোডিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ এক শতাব্দীরও বেশি পুরোনো, যার সূচনা ফরাসি ঔপনিবেশিক আমলে আঁকা সীমান্তরেখা থেকে।


সূত্র: বিবিসি