কলম্বিয়ায় পাহাড়ি খাদে স্কুল বাস পড়ে নিহত ১৭, আহত অন্তত ২০
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যান্টিকুয়েনো অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি স্কুল বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বাসটি ক্যারিবীয় শহর টোলু থেকে মেদেলিনের উদ্দেশে যাচ্ছিল। অ্যান্টিকুয়েনো হাইস্কুলের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে সমুদ্র ভ্রমণে গিয়েছিল।
ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ৮০ মিটার গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। গভর্নর রেনদন বলেন, ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
প্রশাসনের তথ্যমতে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। শিক্ষার্থীরা টোলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে মেদেলিনে ফিরছিল। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম ছিল না; শিক্ষার্থীরা ব্যক্তিগত উদ্যোগেই সফরটির আয়োজন করেছিল।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে, তবে এখনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। উল্লেখ্য, দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর কলম্বিয়ায় প্রতিদিন গড়ে ২২ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।