রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ২০ বছর বয়সী এক সন্দেহভাজন আটক
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে শনিবার (১৩ ডিসেম্বর) ঘটে যাওয়া হামলার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তির নাম বেঞ্জামিন এরিকসন এবং তার বয়স ২০ বছর।
রোববার (১৪ ডিসেম্বর) একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সন্দেহভাজনের পরিচয় সম্পর্কিত অন্যান্য বিস্তারিত তথ্য পুলিশ এখনও জানায়নি। হামলার প্রকৃত উদ্দেশ্যও এখনও অজানা, এবং এ বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এক বন্দুকধারী কালো পোশাক ও মুখোশ পরিহিত অবস্থায় প্রাঙ্গণে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই হামলায় দু’জন নিহত হয়েছেন এবং ৯ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই শিক্ষার্থী।
হামলার পর স্থানীয় মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, আহতদের অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে সতর্ক করে বলেছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পরে বন্দুকধারী পালিয়ে গেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে ৩৮৯টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা লিপিবদ্ধ হয়েছে।