মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।


এ অবস্থায় বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকতে, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকতে বলা হয়েছে।


জরুরি পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।