বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › সিএএর আওতায় ওড়িশায় ৩৫ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব, আসামে প্রথমবার এক বাংলাদেশি নারী পেলেন নাগরিকত্ব

সিএএর আওতায় ওড়িশায় ৩৫ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব, আসামে প্রথমবার এক বাংলাদেশি নারী পেলেন নাগরিকত্ব

favicon
ভোরের আলো ডেস্ক:
সিএএর আওতায় ওড়িশায় ৩৫ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব, আসামে প্রথমবার এক বাংলাদেশি নারী পেলেন নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় ৩৫ জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছে দেশটি। এর মধ্যে ওড়িশা রাজ্যে এই ৩৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।


ওড়িশা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন নাগরিকদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন আশ্বাস ও আশ্রয়ের প্রতীক।


প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের সিএএ আইনের আওতায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এই ৩৫ জন অভিবাসীকে গত বৃহস্পতিবার নাগরিকত্বের সনদ দেওয়া হয়। এর ফলে ওড়িশায় সিএএর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে। বর্তমানে রাজ্যে আরও প্রায় ১ হাজার ১০০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।


ওড়িশার জনশুমারি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী। ২০২৪ সালের ১১ মার্চ কার্যকর হওয়া বিধি অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নিপীড়নের কারণে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।


অন্যদিকে, একই আইনের আওতায় আসামে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। শ্রীভূমি জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী ওই নারী ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেব জানান, চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসার সময় তার সঙ্গে স্থানীয় এক যুবকের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়। এরপর তিনি ভারতেই বসবাস শুরু করেন।


দম্পতির একটি সন্তান রয়েছে। যদিও তার পরিবার বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করছে, তবে তিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। গত বছর সিএএর বিধি কার্যকর হওয়ার পর তিনি নাগরিকত্বের জন্য আবেদন করেন।


ধর্মানন্দ দেব জানান, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর ৫(১)(সি) ধারা ও ৬বি ধারার আওতায় নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এসব বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি ভারতীয় নাগরিককে বিয়ে করে টানা সাত বছর ভারতে বসবাস করলে নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন।