মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › একই বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট, গণনা হবে আলাদাভাবে

একই বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট, গণনা হবে আলাদাভাবে

favicon
ভোরের আলো ডেস্ক:
একই বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট, গণনা হবে আলাদাভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলেও দুটি ভোটের ব্যালট পেপার হবে আলাদা রঙের। তবে ভোট দেওয়ার পর সংসদ নির্বাচন ও গণভোট—দুটির ব্যালটই জমা দিতে হবে একই ব্যালট বাক্সে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা রঙের এবং গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। উভয় ক্ষেত্রেই সিল মেরে ভোট দিতে হবে। তবে পোস্টাল ব্যালটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হবে।


বৃহস্পতিবার তফসিল ঘোষণার দিনই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণভোট সংক্রান্ত বিস্তারিত পরিপত্র জারি করেন। এতে গণভোটের প্রশ্ন, ভোটদানের সময়সূচি, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোট গ্রহণ ও ফল প্রকাশের পদ্ধতি নির্ধারণ করা হয়। ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।


পরিপত্রে জানানো হয়, সংসদ নির্বাচনের জন্য ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্সই গণভোটের ক্ষেত্রেও ব্যবহার করা হবে। ভোটার সংসদ নির্বাচন ও গণভোট—দুটির ব্যালট পেপার একই বাক্সে ফেলবেন।


ভোট দেওয়ার নিয়ম অনুযায়ী, ভোটারকে সংসদ নির্বাচনের ব্যালটের সঙ্গে গণভোটের একটি ব্যালট সরবরাহ করা হবে। গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ঘরে সিল দিয়ে ব্যালট ভাঁজ করে নির্ধারিত বাক্সে ফেলতে হবে।


গণভোটের ব্যালটে ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কারসংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। এসব প্রস্তাবের বিষয়ে ভোটারদের কাছ থেকে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া হবে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি ও বিচার বিভাগের স্বাধীনতাসহ ৩০টি সংস্কার বাস্তবায়ন, এবং জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার কার্যকর করা।


ভোট গ্রহণ একসঙ্গে হলেও গণনা করা হবে আলাদাভাবে। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার ব্যালট বাক্স খুলে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট পৃথক করবেন। এরপর সংসদ নির্বাচনের ব্যালট প্রার্থীভিত্তিক এবং গণভোটের ব্যালট ‘হ্যাঁ’ ও ‘না’ হিসেবে আলাদাভাবে গণনা করা হবে।


একই দিনে দুটি ভোট হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এবার ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি হওয়ায় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সমপরিমাণ ব্যালট পেপার মুদ্রণ করা হবে।