মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা–মা আটক, অস্ত্র উদ্ধার

শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা–মা আটক, অস্ত্র উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা–মা আটক, অস্ত্র উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনীটি।


র‍্যাব জানায়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে হুমায়ূন কবির ও মোসা. হাসি বেগমকে আটক করা হয়। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


এদিকে, ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে শরিফ ওসমান হাদিকে গুলিতে ব্যবহৃত অস্ত্রসহ মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


এই ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ (সামিয়ার ভাই), তার বান্ধবী মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হলে আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুই সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে একটি বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে জানিয়েছে। সূত্র অনুযায়ী, সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করে।


সূত্রটি আরও জানায়, ঘটনার পর তারা প্রথমে একটি প্রাইভেটকারে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। পরে গাড়ি পরিবর্তন করে ধারাবাজার পেট্রোল পাম্প এলাকায় আসে। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেলে করে তারা ভুটিয়াপাড়া সীমান্তে পৌঁছে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে।