অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে গুলির ঘটনায় সন্দেহভাজন একজন ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা: পুলিশ
অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে সংঘটিত ভয়াবহ গুলির ঘটনায় সন্দেহভাজন দুইজনের মধ্যে একজন ভারতের দক্ষিণাঞ্চল থেকে এসেছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান পুলিশ। তারা জানিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল খুবই সীমিত।
পুলিশের তথ্য অনুযায়ী, বন্দুক হামলাকারীদের একজন সাজিদ আকরাম (৫০) ঘটনাস্থলেই নিহত হন। ভারতের তেলেঙ্গানা রাজ্যের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সাজিদ আকরাম হায়দরাবাদ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসন করেছিলেন।
১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে তিনি মাত্র ছয়বার ভারতে যাতায়াত করেন। পুলিশ জানায়, তার পরিবার তার কোনো উগ্রবাদী চিন্তাধারা বা কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিল না। সাজিদ আকরাম এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরামকে বন্ডাই বিচে ১৫ জন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্টধারী ছিলেন। তবে তার অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সন্তানরা অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী এবং দেশটির নাগরিক।
তেলেঙ্গানা পুলিশের একজন কর্মকর্তা বিবিসি তেলেগু সার্ভিসকে জানান, সাজিদ মূলত পারিবারিক প্রয়োজনে—সম্পত্তি সংক্রান্ত বিষয় ও বয়স্ক বাবা-মায়ের সঙ্গে দেখা করতে—ভারত সফর করতেন। এমনকি পিতার মৃত্যুর সময়ও তিনি ভারতে আসেননি। পুলিশ আরও জানায়, সাজিদ বা তার ছেলের উগ্রপন্থায় জড়িত হওয়ার পেছনে ভারত বা তেলেঙ্গানার কোনো স্থানীয় যোগসূত্র পাওয়া যায়নি।
এদিকে পুলিশ খতিয়ে দেখছে, কেন হামলার কয়েক সপ্তাহ আগে সাজিদ ও তার ছেলে ফিলিপাইন সফর করেছিলেন। দেশটির ইমিগ্রেশন ব্যুরো জানিয়েছে, তারা ১ নভেম্বর ফিলিপাইনে প্রবেশ করেন এবং ২৮ নভেম্বর দেশটি ত্যাগ করেন। ভ্রমণের সময় সাজিদ ভারতীয় পাসপোর্ট এবং তার ছেলে অস্ট্রেলিয়ান পরিচয়পত্র ব্যবহার করেন।
নিরাপত্তা সূত্রের বরাতে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, তারা সেখানে ‘সামরিক কায়দার প্রশিক্ষণ’ নিতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, নাভিদ আকরাম ২০১৯ সালে অন্যদের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে প্রথম কর্তৃপক্ষের নজরে এসেছিলেন। তবে তখন তার বিরুদ্ধে কোনো সহিংসতা বা হুমকির প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে, গত রোববারের ওই হামলায় নিহতদের প্রথম দফার শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছেন এবং আহত ২১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: বিবিসি