নিরাপত্তা পরিস্থিতির কারণে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক আজ দুপুর ২টা থেকে বন্ধ
চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর নথি জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে—এমন আশঙ্কায় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
এর দুই দিনের মাথায় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। এই সময়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। এর মধ্যে আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও এখনো কোনো জবাব দেয়নি ভারত।