গাজায় ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন মনে করছে হোয়াইট হাউস
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কড়া’ ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই হোয়াইট হাউস এই বার্তা পাঠায়। ওই হামলায় আরও তিনজন নিহত হন।
একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, “নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের বার্তা ছিল, ‘আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটা আপনার বিষয়। কিন্তু গাজায় চুক্তি সম্পাদনের পর রাষ্ট্রপতি ট্রাম্পের সুনাম নষ্ট করার অনুমতি আমরা দেব না।’”
মার্কিন কর্মকর্তারা জানান, ইসরায়েলি সরকার হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করেনি বা পরামর্শও করেনি। গাজার হামাস প্রধান খলিল আল-হাইয়া টেলিভিশনে ঘোষণা করেছেন, হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন।
১০ অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও শনিবারের হামলা চালানো হয়। চুক্তির পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৩৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,০৬৩ জন আহত করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৭০,৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১,৭১,১০০ ছাড়িয়েছে এবং যুদ্ধবিরতি সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর