বন্ডি বিচ হামলার পর ভুয়া প্রচারণার শিকার হওয়ার অভিযোগ পাকিস্তানের
অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনার পর পাকিস্তান একটি অনলাইন বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তথ্যমন্ত্রী জানান, ভারতসহ পাকিস্তানের ‘শত্রু’ রাষ্ট্রগুলো হামলার সঙ্গে জড়িত দুই হামলাকারীর একজনকে পাকিস্তানি নাগরিক হিসেবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। তার ভাষায়, এ ধরনের ভুয়া প্রচারণা আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
আতাউল্লাহ তারার বলেন, হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু হয়। বিভিন্ন পোস্টে সন্দেহভাজনদের একজন নাভিদ আকরামকে পাকিস্তানি নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যমও যাচাই না করেই এসব তথ্য প্রচার করেছে।
তিনি আরও জানান, পরবর্তী তদন্তে এবং ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীদের একজন সাজিদ আকরাম ভারতের বাসিন্দা এবং অপরজন তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম, যিনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন। বিভ্রান্তির মূল কারণ হিসেবে তিনি নামের মিলকে দায়ী করেন।
তথ্যমন্ত্রী বলেন, নাভিদ আকরাম নামের এক পাকিস্তানি নাগরিক ইতোমধ্যে একটি ভিডিও বার্তায় হামলার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন এবং তাকে এ ঘটনার সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। তারার দাবি করেন, ওই ব্যক্তি একটি ‘বিদ্বেষপূর্ণ ও সংগঠিত প্রচারণার শিকার’, যার সূচনা হয়েছিল ভারতে।
এ ঘটনায় মিথ্যা তথ্য প্রকাশকারী গণমাধ্যমগুলোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানিয়ে আতাউল্লাহ তারার বলেন, আপাতত পাকিস্তান আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়নি।
উল্লেখ্য, গত রোববার অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি ধর্মাবলম্বীদের হানাকা উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হন।
সূত্র : এপি