বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › হোয়াইট হাউসের ভাষণে ১১ মাসের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প, মূল্যস্ফীতির দায় ডেমোক্র্যাটদের ঘাড়ে

হোয়াইট হাউসের ভাষণে ১১ মাসের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প, মূল্যস্ফীতির দায় ডেমোক্র্যাটদের ঘাড়ে

favicon
ভোরের আলো ডেস্ক:
হোয়াইট হাউসের ভাষণে ১১ মাসের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প, মূল্যস্ফীতির দায় ডেমোক্র্যাটদের ঘাড়ে

হোয়াইট হাউস থেকে বুধবার সন্ধ্যায় দেওয়া এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারের ১১ মাসের অর্জন তুলে ধরেন। এ সময় তিনি ভোক্তাপণ্যের উচ্চমূল্যের জন্য ডেমোক্র্যাট পূর্বসূরিদের দায়ী করেন এবং ব্যাপক অভ্যন্তরীণ সংস্কারের পরিকল্পনার কথা জানান।


রিপাবলিকান পার্টির জন্য আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন চ্যালেঞ্জিং হতে পারে—এমন প্রেক্ষাপটে কূটনৈতিক অভ্যর্থনা কক্ষ থেকে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ‘বহু সাফল্য’ অর্জন করেছে। তিনি গাজায় যুদ্ধের অবসান, ইরানের পারমাণবিক হুমকি নির্মূল এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।


ট্রাম্প বলেন, গত ১০ মাসে তার প্রশাসন আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে এবং গাজায় আটক ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনা নিশ্চিত করেছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পুনরুদ্ধারের দাবি করে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন যুক্তরাষ্ট্রের। প্রায় ২০ মিনিটের এই ভাষণে তিনি জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সাফল্যের পাশাপাশি অভ্যন্তরীণ নীতির দিকেও গুরুত্ব দেন।


দেশীয় সংস্কার প্রসঙ্গে ট্রাম্প জানান, শিগগিরই ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে, যিনি সুদের হার বড় পরিসরে কমানোর পক্ষে থাকবেন। তিনি আগামী বছরের মধ্যে আবাসন সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ডেমোক্র্যাটদের তৈরি ‘মুদ্রাস্ফীতির বিপর্যয়ের’ কারণে বহু আমেরিকান বাড়ির মালিক হতে পারছেন না।


প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্র ১৮ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বিনিয়োগ আকর্ষণ করেছে, যা নতুন কর্মসংস্থান ও কারখানা স্থাপনে সহায়ক হবে। তিনি জানান, ক্রিসমাসের আগে ১০ লাখের বেশি মার্কিন সেনাসদস্য আর্থিক বোনাস পাবেন এবং আগামী সপ্তাহে ১৪ লাখ ৫০ হাজার সেনাসদস্যকে ১ হাজার ৭৭৬ ডলার করে ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’ দেওয়া হবে।


অভিবাসন ইস্যুতে ট্রাম্প বলেন, আগের প্রশাসনের সময় সীমান্ত খোলা থাকায় অবৈধ অনুপ্রবেশ বেড়েছিল। তবে তার সরকারের পদক্ষেপে সীমান্ত পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি বড় স্বাস্থ্যবিমা কোম্পানিগুলোর বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং অভিযোগ করেন, তারা সাধারণ মানুষের প্রাপ্য অর্থ কুক্ষিগত করছে।


জীবনযাত্রার ব্যয় নিয়ে জনগণের উদ্বেগের কথা স্বীকার করলেও ট্রাম্প আবারও মূল্যস্ফীতির দায় জো বাইডেনের শাসনামলের ওপর চাপান। তবে তার দাবি, যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক উন্নতির জন্য পুরোপুরি প্রস্তুত এবং খুব শিগগিরই পণ্যের দাম কমে আসবে।


আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসে নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়, আর ডেমোক্র্যাটরা জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যনীতি ইস্যু সামনে এনে ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছে—এই বাস্তবতায় ট্রাম্পের ভাষণটি বিশেষ গুরুত্ব বহন করছে।