শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ আজ ফিরছে দেশে: বিমানবন্দরে রাষ্ট্রীয় সম্মান

সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ আজ ফিরছে দেশে: বিমানবন্দরে রাষ্ট্রীয় সম্মান

favicon
ভোরের আলো ডেস্ক:
সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ আজ ফিরছে দেশে: বিমানবন্দরে রাষ্ট্রীয় সম্মান

সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে (আবেই এলাকা) ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের মরদেহ আজ শনিবার দেশে আনা হচ্ছে। উগান্ডা থেকে রওনা হওয়া বিশেষ বিমানটি আজ সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। গত ১৩ ডিসেম্বর বিকেলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলায় এই বীর সেনানিরা প্রাণ হারান।


নিহত শহীদ শান্তিরক্ষীরা হলেন—নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।


একই হামলায় আহত আরও আটজন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন। সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তাঁরা সবাই এখন শঙ্কামুক্ত, যদিও সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে বিশ্বশান্তি রক্ষায় কাজ করে যাওয়া বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। সুদানের এই ছয়জনসহ এ পর্যন্ত বাংলাদেশের ১৬৮ জন বীর সদস্য বিশ্বশান্তির অমোঘ লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।