বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের ৫ বগি

আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের ৫ বগি

favicon
ভোরের আলো ডেস্ক:
আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের ৫ বগি

ভারতের আসামে একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় সাতটি বন্য এশিয়াটিক হাতি নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে রাজধানী গুয়াহাটি থেকে ১২৫ কিলোমিটার দূরে একটি বনাঞ্চল দিয়ে রেললাইন পার হওয়ার সময় প্রায় ১০০টি হাতির একটি বহর ট্রেনের সামনে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি হাতিশাবকও গুরুতর আহত হয়েছে। রাজধানী এক্সপ্রেস ট্রেনটি মিজোরাম থেকে ৬৫০ জন যাত্রী নিয়ে নয়াদিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চালক হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক চাপলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। প্রচণ্ড ধাক্কায় ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী হতাহত হননি। ক্ষতিগ্রস্ত বগিগুলোর প্রায় ২০০ যাত্রীকে অন্য একটি ট্রেনে করে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাকি ট্রেনটি পরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পশুচিকিৎসকরা নিহত হাতিগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। আসামে প্রায় ৭ হাজার বন্য হাতি রয়েছে এবং প্রায়ই রেললাইনে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও এবারের দুর্ঘটনাস্থলটি হাতির নিয়মিত চলাচলের পথ (করিডোর) হিসেবে চিহ্নিত ছিল না।