শহীদ হাদির দাফন ঘিরে ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা কড়াকড়ি, জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে অতিরিক্ত ভিড় এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছালে আজ রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি চলছে।