প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগ: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের তীব্র নিন্দা
দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যুক্ত বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের ওপর এ ধরনের সহিংস আক্রমণ গণতন্ত্রের মূল ভিত্তি, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিকের তথ্য পাওয়ার অধিকারের ওপর সরাসরি আঘাত। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন সাংবাদিকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়। ভবিষ্যতে গণমাধ্যমের ওপর এ জাতীয় হামলার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের অঙ্গীকার অটুট রাখারও অনুরোধ জানানো হয়েছে।