শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘের নিন্দা: দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের পক্ষে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিখ এই আহ্বান জানান। হাদির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে জাতিসংঘ মহাসচিব এই ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসরণের তাগিদ দেন।
একই দিনে পৃথক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক হাদির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এই বর্বরোচিত হামলার একটি পক্ষপাতহীন ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। এছাড়া, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শান্তি বজায় রাখতে এবং উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।