প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমদ
দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাকে জাতির জন্য চরম লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গণমাধ্যমকে লক্ষ্য করে পরিচালিত এসব 'মবসন্ত্রাস' বা উশৃঙ্খল জনতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা সরকারের প্রশাসনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। তিনি প্রশ্ন তোলেন, হামলার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না এবং কেন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করল। রাষ্ট্রব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি এসব অপতৎপরতা কঠোর হস্তে দমনের আহ্বান জানান।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, মানুষ এখন পূর্ণ গণতন্ত্র চায় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে সেগুলো গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করে। তারেক রহমানের দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণ আশা করে তার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে।