শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানের লাগেজ ওঠানামা তদারকিতে নতুন প্রযুক্তি

হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানের লাগেজ ওঠানামা তদারকিতে নতুন প্রযুক্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানের লাগেজ ওঠানামা তদারকিতে নতুন প্রযুক্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘বডি-ওর্ন ক্যামেরা’র ব্যবহার শুরু হয়েছে। আজ রবিবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সম্প্রসারণের কথা জানানো হয়। এখন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামা এবং স্থানান্তরের সময় সংশ্লিষ্ট কর্মীদের শরীরে এই ক্যামেরা যুক্ত থাকবে।


বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সন্দেহভাজন লাগেজের তালা বা চেইন কেটে তল্লাশি করা হয়, যার দায় অনেক সময় যাত্রীরা বিমান বা সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দেন। এছাড়া কিছু অসাধু চক্রের জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়। এমন পরিস্থিতিতে যাত্রীদের মালামাল সুরক্ষা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনো অভিযোগ উঠলে প্রকৃত দায়ী স্টেশন বা ব্যক্তিকে শনাক্ত করতেই এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।