ট্রাম্প প্রশাসনের বড় দ্বিপাক্ষিক চুক্তি: স্বাস্থ্য সহায়তায় হাত মেলালো যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া
নাইজেরিয়ার স্বাস্থ্য খাতকে শক্তিশালী ও আধুনিকায়নের লক্ষ্যে দেশটির সঙ্গে পাঁচ বছরের একটি বিশাল স্বাস্থ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ ডিসেম্বর) সম্পাদিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে প্রায় ২.১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করবে। এই বিশাল অংকের অর্থ মূলত এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া ও পোলিও প্রতিরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে। বিপরীতে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াও তাদের নিজস্ব স্বাস্থ্য খাতে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
এই চুক্তির একটি উল্লেখযোগ্য দিক হলো খ্রিস্টান ধর্মভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সহায়তার ওপর বিশেষ গুরুত্ব প্রদান। ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি বন্ধের পর এটিই প্রথম কোনো বড় দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহায়তা চুক্তি। চুক্তিটি এমন এক সময়ে হলো যখন নাইজেরিয়ায় খ্রিস্টানদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনায় প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছিলেন।
যদিও নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মুসলিম ও দক্ষিণাঞ্চলে খ্রিস্টানদের আধিক্য রয়েছে, তবে দেশটির সরকার বারবার দাবি করেছে যে তারা কোনো ধরনের ধর্মীয় নিপীড়ন সমর্থন করে না। তাদের মতে, বর্তমান নিরাপত্তা সংকটগুলো ধর্মীয় নয় বরং অন্যান্য আর্থ-সামাজিক কারণে উদ্ভূত। যুক্তরাষ্ট্র ও কেনিয়ার সাম্প্রতিক ২.৫ বিলিয়ন ডলারের চুক্তির পর নাইজেরিয়ার সাথে এই ২.১ বিলিয়ন ডলারের চুক্তিটি বিশ্ব স্বাস্থ্য রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশলেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।