শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › দিল্লিতে হাইকমিশনে হামলা: ভারতের প্রেসনোট প্রত্যাখ্যান করল ঢাকা

দিল্লিতে হাইকমিশনে হামলা: ভারতের প্রেসনোট প্রত্যাখ্যান করল ঢাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে হাইকমিশনে হামলা: ভারতের প্রেসনোট প্রত্যাখ্যান করল ঢাকা

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার ঘটনায় ভারত সরকারের দেওয়া প্রেসনোট বা বিবৃতিকে বাংলাদেশ সরকার পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান। উপদেষ্টা প্রশ্ন তোলেন, দিল্লির অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশ মিশনের ভেতরে কীভাবে ২৫ জনের একটি উগ্রবাদী গোষ্ঠী প্রবেশ করতে পারল। তিনি মনে করেন, নিরাপত্তা বলয় ভেদ করে তাদের এতদূর আসার সুযোগ করে দেওয়া হয়েছে।


তৌহিদ হোসেন বলেন, আন্দোলনকারীরা কেবল হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদ জানাতে আসেনি, বরং তারা নানা উসকানিমূলক স্লোগান দিয়েছে। এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উপদেষ্টা আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যার ঘটনার সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকে জড়িয়ে ভারতের বক্তব্য অমূলক। বাংলাদেশ সরকার এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের গ্রেপ্তার করেছে। এই অঞ্চলের অন্য দেশগুলোতেও এ ধরনের অপরাধ সংঘটিত হয়, তাই একে সাম্প্রদায়িক রূপ দেওয়ার সুযোগ নেই।


মিশনের ভেতরে থাকা পরিবারের সদস্যরা এই ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের নৈতিক ও আন্তর্জাতিক দায়িত্ব। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে এমন অনিরাপদ পরিবেশ আর তৈরি হবে না।