শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

favicon
ভোরের আলো ডেস্ক:
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়। এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।


আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক গুরুত্ব পায়। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা এই হত্যাকাণ্ডে জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন।


পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয় যে, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলামসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত আরও তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।