শনিবার , ২১ নভেম্বর ২০২৬
শনিবার , ২১ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › নাইজেরিয়ায় অপহৃত ১৩০ স্কুলশিশু ও কর্মীর মুক্তি

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ স্কুলশিশু ও কর্মীর মুক্তি

favicon
ভোরের আলো ডেস্ক:

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নায়েজার প্রদেশের একটি ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ১৩০ জন শিক্ষার্থী ও বেশ কয়েকজন কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) দেশটির প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই খবরটি নিশ্চিত করেছে।


গেল নভেম্বর মাসে একদল সশস্ত্র বন্দুকধারী ওই ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ৩১৫ জন শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর থেকেই তাদের ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে চলতি মাসের শুরুর দিকে প্রথম দফায় ১০০ জনকে মুক্তি দেওয়া হয় এবং সর্বশেষ ধাপে বাকিদেরও ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


যদিও প্রশাসন দাবি করছে যে এখন আর কেউ বন্দিদশায় নেই, তবে অপহৃতের সঠিক সংখ্যা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। ঘটনার সময় অনেক শিক্ষার্থী পালিয়ে আত্মরক্ষা করেছিল এবং অনেকের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় তাদের সবার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে নিখোঁজদের প্রকৃত তালিকা নিয়ে অস্পষ্টতা থাকলেও ধারণা করা হচ্ছে যে সবাই এখন মুক্ত।


নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোকে লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। নভেম্বরের এই ঘটনার ঠিক আগেই বেশ কিছু স্কুল ও চার্চে একই ধরনের হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।