পশ্চিম তীরে ১৯টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল
আন্তর্জাতিক আইন ও বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। এর মধ্যে প্রায় ২০ বছর আগে ধ্বংস করা ‘গানিম ও কাদিম’ বসতি দুটি পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্তও রয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ যৌথভাবে এই বসতি স্থাপনের প্রস্তাব আনেন। তাঁদের দাবি, এই পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা রোধে কার্যকর ভূমিকা পালন করবে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলের যেকোনো ধরনের বসতি স্থাপন সম্পূর্ণ ‘অবৈধ’। ইসরায়েলের এই একপাক্ষিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন আরব রাষ্ট্র।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলের এই নিরবিচ্ছিন্ন বসতি সম্প্রসারণে অঞ্চলে উত্তেজনা বাড়ছে এবং ফিলিস্তিনিদের ভূমি ব্যবহারের অধিকার সংকুচিত হচ্ছে। এটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পদক্ষেপে সতর্কতা জারি করে জানিয়েছেন যে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা ও দখলদারিত্ব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন করে এই বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েল-ফিলিস্তিন সংকটে ‘দুই-রাষ্ট্র সমাধান’ (Two-state solution) প্রক্রিয়াকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে