গণমাধ্যমে হামলা: লুট হওয়া টাকাসহ গ্রেপ্তার বেড়ে ৯
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো, ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। এছাড়া ডিবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট আরও দুজনকে গ্রেপ্তার করেছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে।
গতকাল রবিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পুলিশ জানিয়েছিল, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ পর্যন্ত ৩১ জন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কাশেম ফারুক বগুড়ার একটি মাদরাসার সাবেক ছাত্র এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। অন্য গ্রেপ্তার মো. সাইদুর রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় এবং রাকিবের বাড়ি শেরপুরে। ভিডিও ফুটেজে রাকিবকে হামলায় সরাসরি অংশ নিতে দেখা গেছে এবং তিনি নিজের ফেসবুক আইডি থেকে ধ্বংসস্তূপের ছবি শেয়ার করে উসকানিমূলক পোস্টও দিয়েছিলেন।
পুলিশ আরও জানায়, রাজধানীর তেজগাঁও এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে লুট হওয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন যে তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন এবং সেই টাকা দিয়ে ইতিমধ্যে একটি টিভি ও ফ্রিজ কিনেছেন, যা পুলিশ উদ্ধার করেছে। এছাড়া গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ ১৩টি মামলা এবং শফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দুটি মামলা আগে থেকেই রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।